দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন
সকালবেলা নিউজ: দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন সংস্থাটির পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। একই সঙ্গে বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা ফিরে পাবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ২০২২ সালে তাঁকে চাকরি থেকে দেওয়া অপসারণের আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাঁকে দুদকের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, ওই সময় দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে অপসারণ করা হয়েছিল।
এর আগে চট্টগ্রামে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর দুর্নীতির চাঞ্চল্যকর তদন্ত করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। এসব ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান পরিচালনা করার কিছুদিন পরই তাঁকে অপসারণ করা হলে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও এর প্রতিবাদে মানববন্ধন করেন।
চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি লড়াই ও শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর অপসারণের আদেশ বাতিল করেন। পাশাপাশি রায়ের সার্টিফাইড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে সব প্রাপ্য সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছিল দুদক। তবে গত ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় সেই পিটিশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড অ্যাজ বিইং নট প্রেসড’ মর্মে খারিজ করে দেন।
আদালতের এই আদেশের পর গত ২৫ অক্টোবর শরীফ উদ্দীন পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় ও তাঁর আবেদন বিবেচনায় নিয়ে অপসারণের আদেশ প্রত্যাহারপূর্বক তাঁকে চাকরিতে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এআইএল/সকালবেলা