এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হলে ১৫ দিনে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য হলে ১৫ দিনে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ফলাফলের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন উদ্বোধনের পর সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, অকৃতকার্য হওয়ার এ দীর্ঘ ঐতিহ্য বছরের পর বছর টেনে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। বারবার পরীক্ষা ঝুলিয়ে রেখে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না করার পক্ষে সরকার। যাঁরা সাধারণ ধারার শিক্ষায় মানিয়ে নিতে পারবে না, তাঁদের কর্মমুখী ও কারিগরি শিক্ষাব্যবস্থায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ছিটকে না পড়ে বা পিছিয়ে না যায়, সে জন্য সরকার নিবিড় উদ্যোগ নিচ্ছে।

শিক্ষার্থীদের চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করতে গিয়ে এহছানুল হক মিলন বলেন, বর্তমান সমাজে নৈতিকতার যে অবনতি দেখা যাচ্ছে, তা থেকে বেরিয়ে আসা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া কার্যক্রম ও নীতিশিক্ষার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়া ও পাঠ্যক্রমের সুষম সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের উৎসবমুখর আবহাওয়া তৈরির চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।

এআইএল/সকালবেলা