ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক: ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় প্রচার অভিযান বা মাইকিং করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মসজিদের জুমার খুতবায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক জরুরি সভায় প্রধানমন্ত্রী এসব দিকনির্দেশনা দেন। পরে বৈঠকের সিদ্ধান্তসমূহ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু পরিস্থিতির রাশ টানতে আগামী কয়েক মাস অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এ সময় মশার বিস্তার রোধ ও সংক্রমণ কমাতে সরকারের সংশ্লিষ্ট সব দফতরকে সম্মিলিতভাবে মাঠে নামতে হবে। বিশেষ করে যেসকল এলাকা ডেঙ্গু সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে প্রতিরোধমূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।
ডেঙ্গু মোকাবিলায় সাধারণ নাগরিকের সক্রিয় অংশগ্রহণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে লাগাতার মাইকিং চালানের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, বিশেষ করে জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।
প্রতিরোধ কার্যক্রম শতভাগ সফল করতে সকল মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপরও জোর দেওয়া হয় উক্ত আলোচনায়।
উচ্চপর্যায়ের এ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ একাধিক মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এআইএল/সকালবেলা