কটিয়াদীতে বক্তব্য শেষে শিক্ষার্থীদের বল উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
কটিয়াদীতে বক্তব্য শেষে শিক্ষার্থীদের বল উপহার দিলেন প্রধানমন্ত্রী

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রোববার (১৬ আগস্ট) কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আয়োজনে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক–২০২৬ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেশের মৎস্য সম্পদের সম্ভাবনাকে কাজে লাগানো, নিরাপদ মাছ উৎপাদন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তব্য প্রদান শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের হাতে খেলার বল উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। এ উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন