মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। (ছবি: সংগৃহীত)

অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ি প্রকল্প এলাকার হেলিপ্যাডে অবতরণ করে।

প্রকল্প এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।

প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকালে গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরে আসেন এবং সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে মহেশখালীর মাতারবাড়ির উদ্দেশে রওয়ানা হন। সেখানে পৌঁছে তিনি বিদ্যুৎ প্রকল্প ও বন্দর এলাকা সরজমিনে ঘুরে দেখেন এবং পরবর্তীতে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার ও চট্টগ্রামের প্রান্তিক এলাকাগুলোতে যাবেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী পরিদর্শনে গিয়ে গৃহহারা পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে নতুন তৈরি ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

মন্তব্য করুন