আলীকদমে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
জমির উদ্দিন, বান্দরবান জেলা সংবাদদাতা: বান্দরবানের আলীকদমে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ১ জন নিহত এবং অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজ সংলগ্ন লামা-আলীকদম সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কক্সবাজারের চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস আলীকদমের উদ্দেশ্যে আসছিল। পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা ব্লাস্ট (ফাটা) হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১১ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আটজন বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। চট্টগ্রাম নেওয়ার পথে হোসাইন (৩৫) নামে এক যাত্রী মৃত্যুবরণ করেন। নিহত হোসাইন চকরিয়া উপজেলার সাহাব উদ্দিনের ছেলে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন জানান, চকরিয়া থেকে আসার পথে তারাবুনিয়া কলেজ এলাকায় চাকা ফেটে যাওয়ায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|