রংপুরে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধন
আবু রায়হান, রংপুর ব্যুরো: "হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধী দলও এখন সেই ভাষাতেই কথা বলছে" বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যজনকভাবে তারা আবার আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। তারা হাসিনা যে ভাষায় কথা বলতেন, ঠিক সেই ভাষাতেই কথা বলছেন।"
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা 'লাভ শেয়ার বিডি'-র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত 'সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প'-এর শুভ উদ্বোধন ও রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫টি চা-ঘরের সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য শুরুর আগে সুবিধাবঞ্চিত ২৫ জনের হাতে চা-ঘরের সনদপত্র তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে প্রকল্পটির আওতায় এসব চা-ঘর প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরবর্তীতে নিজের বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দিকে দেশকে ঠেলে দেওয়া শুরু হয়েছিল। বর্তমানে একটি বিপর্যস্ত প্রশাসনকে গুছিয়ে নেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে।"
জ্বালানি ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, "কয়েক বছর ধরে আমরা জ্বালানি ও গ্যাসের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এর আগে দেশে নতুন করে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে পুনরায় ব্যাপকভাবে গ্যাস অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "দেশের প্রয়োজনীয় তেল ও গ্যাস বিদেশ থেকে জাহাজে করে আনতে হয়, যাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাত এবং আন্তর্জাতিক নানা উত্তেজনার প্রভাব আমাদের ওপর এসে পড়ে, যার ফলে জ্বালানি ও তেলের দাম বিশ্ববাজারে বেড়ে যায়। আমরা সব বাধা মোকাবিলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।"
সমস্যার আশু সমাধানের আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, "ইনশাআল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে এই সংকটের সমাধান হবে। যারা বাজার ও আমদানির সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তাদের কারণেই মূলত এসব সমস্যার সৃষ্টি হচ্ছে।"
বাস্তবমুখী রাজনীতির চর্চা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক ময়দানে এত কথা বলা হচ্ছে, সেগুলো গভীরভাবে বুঝতে হবে। শুধু সস্তা কথা বললেই হবে না; দেশের বাস্তব পরিস্থিতি অনুধাবন করে সংকট মোকাবিলায় সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, "আমরা এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠব এবং জনগণের কাছে দেওয়া প্রতিটি রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে 'সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প' পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পরা ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেকসই আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাঁদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা।
এআইএল/সকালবেলা
|