প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় সপরিবারে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন।

সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন