ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আইনমন্ত্রী আসাদুজ্জামান
জাতীয় সংসদের চলতি অধিবেশনে দেশের বিচার বিভাগ এবং সরকারি চাকুরির বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এসব তথ্য জানান।
বিচারাধীন মামলার পাহাড়
বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে মোট ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এই বিশাল মামলার জট নিরসনে সরকার ৮৭১টি আদালত এবং ২৩২টি বিচারকের নতুন পদ সৃজন করেছে। এছাড়া আরও ৩০৪টি বিচারকের পদ সৃজন প্রক্রিয়াধীন রয়েছে এবং ১৫০ জন সিভিল জজ নিয়োগের কার্যক্রম চলমান আছে।
বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকদের বদলি ও পদায়নের ক্ষেত্রে দলীয় আনুগত্যকে প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহার করা হতো। যারা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনার চেষ্টা করতেন, তাদের শাস্তিমূলক বদলি করা হতো। বর্তমান সরকার সেই পথ পরিহার করে সততা ও দক্ষতাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার শূন্যপদ: সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি অফিসগুলোতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির পদ ৬৮ হাজার ৮৮৪টি। এই শূন্যপদগুলো পূরণে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদী বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতাই এখন নিয়োগ ও পদোন্নতির একমাত্র মাপকাঠি হবে বলে তিনি আশ্বস্ত করেন। বর্তমানে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধা কোটায় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পদ্মা ব্যারেজ ও নদী ড্রেজিং
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী জানান, সরকার পদ্মা ব্যারেজ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পটি ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী জুনের মধ্যে ১২০৪ কিলোমিটার খাল খনন এবং পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ