জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮
অনলাইন ডেস্ক: গত জুলাই মাসে দেশের সড়ক-মহাসড়কে ৪৪১টি ভয়াবহ দুর্ঘটনায় মোট ৪১৮ জন মানুষ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও অন্তত ৫৩৯ জন মারাত্মকভাবে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত এক আনুষ্ঠানিক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
বিআরটিএর বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনা ও প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ১২৬টি সড়ক দুর্ঘটনায় ১০৬ জন নিহত এবং ১৪৬ জন আহত হয়েছেন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ; সেখানে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
এ ছাড়া দেশের অন্যান্য বিভাগের মধ্যে—
রাজশাহী বিভাগ: ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত
রংপুর বিভাগ: ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত
খুলনা বিভাগ: ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত
ময়মনসিংহ বিভাগ: ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত
বরিশাল বিভাগ: ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত
সিলেট বিভাগ: ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই মাসের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে সর্বোচ্চ ১৪২টি ট্রাক বা কাভার্ডভ্যান, ১২৪টি মোটরসাইকেল এবং ১০৬টি বাস বা মিনিবাস ছিল। এ ছাড়া বিভিন্ন ধরনের থ্রি-হুইলার ও স্থানীয় যানবাহনও এসব দুর্ঘটনায় যুক্ত ছিল।
যানবাহনভিত্তিক পৃথক নিহতের পরিসংখ্যানে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৯ জন প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন, সিএনজি বা অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন, পিকআপে ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন এবং ভ্যান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে জুলাই মাসজুড়ে দেশের সড়কে রক্তঝরা এই পরিস্থিতির সৃষ্টি হয়।
|