ফ্যামিলি কার্ড: প্রতি মাসে নির্ভুল পে-রোল প্রেরণে সমাজসেবা অধিদপ্তরের নির্দেশ
অনলাইন ডেস্ক: ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিবন্ধিত উপকারভোগীদের কাছে নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর কড়া নির্দেশনা জারি করেছে সমাজসেবা অধিদপ্তর। ২৭ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে প্রকাশিত এক চিঠিতে এই নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি 'জিটুপি' (G2P) পদ্ধতিতে ভাতার অর্থ হস্তান্তর করা হচ্ছে।
প্রকৃত উপকারভোগীদের হাতে সময়মতো টাকা পৌঁছানোর সুবিধার্থে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের নির্ধারিত কিস্তি ছাড় করার আগে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের সতর্কতার সাথে নির্ভুল পে-রোল তৈরি ও প্রেরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর পূর্বেই উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় সমস্ত তথ্য সংশোধন পূর্বক 'ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম' (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।
পাশাপাশি, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো ভাতাভোগীর মৃত্যু হলে বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কমিটিগুলোর মাধ্যমে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রে ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থ নিয়মিত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে দেশের আটটি বিভাগের (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।