দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন প্রতিবেদক: মশাবাহিত রোগ ডেঙ্গুর তাণ্ডবে দেশে মৃত্যুর মিছিল ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৬ জনে।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৯৮ জন রোগী। এর ফলে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে পৌঁছেছে এক লাখ ২১ হাজার ৬৯৯ জনে। এদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৫ হাজার ১৩২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ৩৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৪১ জন। এছাড়া ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৮১ জন, বরিশাল বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে চট্টগ্রামে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা (সিটি করপোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে একজন করে মোট পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে চিকিৎসকেরা বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে ও দিনে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

সকালবেলা / নুসরাত