বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের বাজেটের মূল প্রতিপাদ্য হলো ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’। বাজেটে অবকাঠামোর তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হতে পারে। পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটে এসএমই খাতে ২ হাজার কোটি টাকার তহবিল এবং উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা রাখার পরিকল্পনা রয়েছে।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। একই সঙ্গে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থনৈতিক সূচকে জিডিপি ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হয়েছে এবং প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানো বড় চ্যালেঞ্জ হবে।

মন্তব্য করুন