সংসদ ভবন এলাকার সমাহিত হবেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
সংসদ রিপোর্টার: সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত ‘জাতীয় কবরস্থানে’ দাফন করা হবে। জাতীয় সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র আজ রোববার (১২ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে।
আজ ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়া কিংবা বৃষ্টি থাকলে সংসদের ভেতর টানেলে জানাজার বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে। জানাজা শেষে তাঁকে জাতীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ-পশ্চিম কোণে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে প্রায় পাঁচ বিঘা জমি জুড়ে এই বিশেষ স্থানটিকে ‘জাতীয় কবরস্থান’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ১৯৮২ সালের পর থেকে এই স্থানে দেশের শীর্ষস্থানীয় সাতজন প্রখ্যাত ব্যক্তিত্ব ও রাজনীতিবিদকে দাফন করা হয়েছে।
তাঁরা হলেন—বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান, সাবেক জ্যেষ্ঠ মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, সাবেক মন্ত্রী ও মুসলিম লীগ নেতা খান এ সবুর, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার তমিজউদ্দীন খান এবং প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও সাবেক রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার হতে যাচ্ছেন এই কবরস্থানে দাফন হতে যাওয়া অষ্টম ব্যক্তিত্ব।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) সমাহিত রয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এআইএল/সকালবেলা
|