সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা চিংড়ি জব্দ

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা চিংড়ি জব্দ

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): প্রজনন মৌসুম চলায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার ও পাস-পারমিট বন্ধ থাকার সুযোগে মেতে উঠেছে বিষদস্যু চক্র। বনের নীরব পরিবেশকে কাজে লাগিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ১৫০ কেজি চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।

আজ রবিবার (১২ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে পশ্চিম সুন্দরবন বিভাগের জোড়শিং পল্টন সংলগ্ন হারেজখালি গ্রামের পাড় নদীতে এই যৌথ অভিযান পরিচালিত হয়। স্মার্ট খুলনা-১ টিমের টিম লিডার মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন ও বজবজা ক্যাম্পের সহযোগিতায় এই অভিযান চলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে যৌথ বাহিনী হারেজখালি গ্রামের পাড় নদীতে অভিযান চালায়। ঘটনাস্থলটি লোকালয়ের একদম কাছাকাছি এবং রাতের গভীরতা বেশি হওয়ায় অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ফলে বনের ভেতরে ওত পেতে থাকা বিষপ্রয়োগকারী চক্রের সদস্যরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও বিষাক্ত চিংড়ি ও নৌকাটি উদ্ধার করা হয়।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, “সুন্দরবন বন্ধের সুযোগ নিয়ে অসাধু জেলেরা গোপনে বিষ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ বিষাক্ত চিংড়ি ও নৌকাটি জব্দ করেছি। অপরাধীদের শনাক্ত করতে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

স্মার্ট টিমের টিম লিডার মোঃ শাহিনুর রহমান জানান, জব্দকৃত বিষাক্ত চিংড়ি মাছগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই মাছগুলো আদালতের নির্দেশ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে মাটি চাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। বন্যপ্রাণী ও পরিবেশের ক্ষতিসাধনকারী এই চক্রের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন