দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ণ
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি: বাসস

অনলাইন ডেস্ক: দেশের চার বিভাগের অনেক জায়গায় এবং বাকি চার বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপমাত্রার তথ্যে জানানো হয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও সিলেটে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

মন্তব্য করুন