সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার: বিজিবি
নিজস্ব প্রতিবেদক: কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীন ২৪২ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিন-রাত দায়িত্ব পালন করছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা চিহ্নিত করে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
সীমান্ত আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩০টির অধিক সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিওপিগুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সমন্বিত অভিযানে সাম্প্রতিক সময়ে সীমান্তে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ১১টি ঘটনায় ১৪১ জনের পুশ-ইন প্রতিহত করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে নিয়মিত সচেতনতামূলক সভা ও মাইকিং করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে যুক্ত করে মতবিনিময় সভাও পরিচালনা করছে বিজিবি।
কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, "দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বিজিবি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"
সংবাদ সম্মেলনে সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।