আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: গয়েশ্বর

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
আওয়ামী লীগ শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে একটি অত্যন্ত নাজুক ও বাজে অবস্থায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, "কেবল পাসের হার বাড়ানোর জন্য তাদের শাসনামলে ‘ফেল’ বলতে কোনো শব্দ ছিল না। মেধাবীদের প্রকৃত মেধার মূল্যায়ন না করে গড় হারে সবাইকে পাস করিয়ে দেওয়া হতো। যার ফলে আজ বিদেশে গেলে আমাদের শিক্ষার্থীদের সার্টিফিকেট ছুড়ে ফেলে দেওয়া হয়, সেখানে এর কোনো মূল্যায়ন মেলে না।"

আজ শনিবার (২০ জুন) সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "শুধু সার্টিফিকেট জোগাড় করে বড় চাকরি পাওয়া সম্ভব, কিন্তু প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। মানুষ তখনই প্রকৃত শিক্ষিত হয়, যখন তার অর্জিত জ্ঞান মানবকল্যাণে ব্যয় হয় এবং তাকে দেখে অন্যরা ভালো কাজে অনুপ্রাণিত হয়।" রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের উদাহরণ টেনে তিনি বলেন, "তাঁদের বড় কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল না, তার পরও তাঁরা ছিলেন জ্ঞানের ভাণ্ডার। তাই প্রকৃত শিক্ষা সেটাই, যা মানুষ ও দেশের কল্যাণে আসে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, "আজকের নারীদের শুধু ঘর সামলালেই হবে না, পাশাপাশি রাষ্ট্র সামলানোর দায়িত্বও নিতে হবে। প্রচলিত পুরুষশাসিত সমাজকাঠামো থেকে বেরিয়ে এসে আগামী দিনের সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারী শক্তিই হবে কেরানীগঞ্জের সবচেয়ে বড় শক্তি।"

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজটিকে দ্রুত সরকারিকরণের জোর দাবি জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোযাদ্দেদ আলী বাবু, থানা বিশেষ সদস্য নাজিম উদ্দিন মাস্টার, আগানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আরসাদ রহমান সপু, হাজি ইমান উল্লাহ মস্তান ও সামী উল্লাহ প্রমুখ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন