ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাভার প্রতিনিধি: সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা জানান। এর মাধ্যমে নতুন সরকারের রাষ্ট্রীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রিসভার নতুন সদস্যবৃন্দ এবং দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেলেই সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারের প্রাথমিক লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এ ছাড়া এদিন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রশাসনের গতিশীলতা আনয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই যুগ পর দেশ পরিচালনার দায়িত্বে ফিরল বিএনপি নেতৃত্বাধীন সরকার। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ