বগুড়ায় চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
বগুড়ায় চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। সম্পূর্ণ গোলাপি রঙের এই বাসগুলোর চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা এবং যাত্রী হিসেবেও শুধু নারীরাই যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রাথমিকভাবে শেরপুর-মাটিডালি ও মোকামতলা-বনানী রুটে দুটি বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, ঢাকায় ১০টি বাসের পাশাপাশি চট্টগ্রামের সঙ্গে বগুড়াতেও জোড়া বাস দিয়ে এই বিশেষ সার্ভিস চালু করা হলো। পর্যায়ক্রমে এ সেবার আওতা আরও বাড়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রেজাউল করিম বাদশা বলেন, "দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারী চালক ও কর্মীদের দ্বারা পরিচালিত এই বিশেষ উদ্যোগটি কর্মজীবী ও নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে।"

অনুষ্ঠানে স্থানীয় মহিলা দলের নেত্রী নাজমা আক্তার, বিআরটিসির ট্রেনিং সুপারভাইজার ফেরদৌসী আক্তার দোলন এবং নারী প্রশিক্ষক সুবর্ণা খাতুন বক্তব্য রাখেন। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে বগুড়ায় বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান।

উল্লেখ্য, বিআরটিসি দেশের নারীদের জন্য প্রথম আলাদা বাস চালুর উদ্যোগ গ্রহণ করে ১৯৯৮ সালে। পরবর্তীতে কয়েক দফায় সার্ভিসটি বন্ধ ও চালু হলেও ২০২২ সালের পর আবারও নতুন আঙ্গিকে দেশজুড়ে সার্ভিসটি ফিরিয়ে আনা হলো।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন