ঈদে ফিরছে শাকিব-সাবিলা জুটি
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মিউজিক্যাল-রোমান্টিক ঘরানার ছবি ‘রকস্টার’-এ তাদের এই জুটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলার অনস্ক্রিন রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঈদে নতুন গল্প ও ভিন্ন আবহে হাজির হচ্ছেন তারা। দীর্ঘদিন আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারের মাধ্যমে তাদের একসঙ্গে কাজের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, প্রকৃতির সবুজ পরিবেশে শাকিব ও সাবিলা একে অপরের সান্নিধ্যে আবেগঘন মুহূর্তে ধরা দিয়েছেন। পোস্টারের সঙ্গে যুক্ত গানের লিরিক— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে’ ইঙ্গিত দিচ্ছে ছবিটি হতে যাচ্ছে সংগীত ও প্রেমের এক চমৎকার মেলবন্ধন।
‘মনপুরা’ ও ‘হাওয়া’র মতো প্রশংসিত চলচ্চিত্র প্রযোজনা করা সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে কাজ চলছে। ইতিমধ্যে অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে এবং মে মাসের প্রথম সপ্তাহে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা রয়েছে।