ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: বাংলা নববর্ষ উদযাপনে এবার আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যে বইছে উৎসবের আমেজ। আগামী ৯ মে ওকলাহোমায় আয়োজিত হতে যাওয়া বিশাল ‘বৈশাখী মেলা’ ও কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। ‘দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে জায়েদ খানের পাশাপাশি মঞ্চ মাতাতে আরও যোগ দিচ্ছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতিকে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশিদের একটি মিলনমেলায় রূপ দেওয়াই এই বৈশাখী মেলার মূল লক্ষ্য। মেলায় কনসার্টের পাশাপাশি দেশীয় পণ্যের স্টল ও বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকমের খাবারের পসরা বসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ওকলাহোমার এই আয়োজনটি ইতোমধ্যে প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গত বছর একই আয়োজনে দর্শক মাতিয়েছিলেন কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। সেই ধারাবাহিকতায় এবারও বিনোদনের পূর্ণ মাত্রা বজায় রাখতে জনপ্রিয় এই তারকা বহরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে এবারের আয়োজনটি বেশ জমকালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ