কেন বিদ্যা বালানকে ভয় পেতেন অক্ষয় পুত্র?

কেন বিদ্যা বালানকে ভয় পেতেন অক্ষয় পুত্র?

বিনোদন ডেস্ক: ২০০৭ সাল, 'ভুলভুলাইয়া' সিনেমায় পর্দার মঞ্জুলিকার সেই হাড়হিম করা অট্টহাসি কাঁপিয়ে দিয়েছিল দর্শকদের। তবে সেই প্রভাব যে খোদ অক্ষয় কুমারের অন্দরমহলেও এমনভাবে পড়বে, তা কেউ ভাবেনি। সম্প্রতি নিজের নতুন ছবি ‘ভূত বাংলা’র প্রচারণায় এসে এক মজার তথ্য ফাঁস করেছেন বলিউড খিলাড়ি।

ছয় বছরের আতঙ্ক: অক্ষয় কুমার জানান, পর্দার মঞ্জুলিকাকে দেখে তাঁর ছেলে আরাভ এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে, টানা ৬ বছর তিনি বাস্তবের বিদ্যা বালানের সামনে যাওয়ার সাহস পাননি। বিদ্যা বালান যখন তাঁদের বাড়িতে আসতেন, আরাভ তাঁর চোখের দিকে তাকাতে পর্যন্ত পারতেন না।

অক্ষয়ের বয়ানে সেই স্মৃতি: ছেলের সাথে কথোপকথনের স্মৃতিচারণ করে অক্ষয় বলেন, “ভুলভুলাইয়া দেখার পর প্রায় ছয় বছর আরাভ বিদ্যার সঙ্গে কথা বলেনি। ও বিদ্যাকে মারাত্মক ভয় পেত। ওকে একবার দেখা করতে বললেও ও রাজি হতো না। আমাকে টানা ৬ বছর ওকে বোঝাতে হয়েছিল যে, ‘ও বিদ্যা বালান, ও খুব ভালো মানুষ’।”

পর্দার প্রভাব বনাম বাস্তব: প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভুলভুলাইয়া’ ছবিতে ‘অবনী’ ও ‘মঞ্জুলিকা’র চরিত্রে বিদ্যার অভিনয় বলিউডের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে গণ্য হয়। ক্লাইম্যাক্সে বিদ্যার সেই রুদ্রমূর্তি বড়দেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিল, আর আরাভ তখন ছিলেন নিতান্তই শিশু। সেই শৈশবের আতঙ্কই দীর্ঘ সময় তাঁর মনে গেঁথে ছিল।

ফিরছেন প্রিয়দর্শন-অক্ষয় জুটি: দীর্ঘ ১৪ বছর পর পরিচালক প্রিয়দর্শনের সাথে ‘ভূত বাংলা’ ছবিতে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। আগামীকাল ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। এতে অক্ষয়ের পাশাপাশি আরও থাকছেন টাবু, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদব।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন