সুস্থ হয়ে চেনা ছন্দে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ণ
সুস্থ হয়ে চেনা ছন্দে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি

বিনোদন ডেস্ক: কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নির্মাণ কাজ থেকে দূরে থাকার পর আবারও চেনা ছন্দে ফিরছেন দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ভক্তদের জন্য স্বস্তির খবর জানিয়ে এই নির্মাতা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি আবারও শুটিং সেটে ফেরার জন্য প্রস্তুত।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে অমি লেখেন, “আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে খুব জোরে নয়। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি উন্নতি হতে আরও অন্তত এক মাস সময় লাগবে। আপাতত খুব সাবধানে এবং কম কথা বলে আমি আমার নিয়মিত কাজ শুরু করতে পারব। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি, যা আমার জন্য বড় স্বস্তির। আমার এই দীর্ঘ সময়ে যারা পাশে ছিলেন এবং দোয়া করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

সূত্রমতে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন অমি। তবে দীর্ঘ সময় বসে থাকতে নারাজ এই নির্মাতা। শারীরিক সতর্কতা মেনেই আবারও ক্যামেরার পেছনে ফিরছেন তিনি। তার এই পোস্টে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সহকর্মী ও ভক্তরা। শোবিজের তারকা ও নেটিজেনরা তার দ্রুত পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতার নতুন কোনো প্রজেক্ট দেখার অপেক্ষায় এখন তার অগণিত দর্শক।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন