ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের নিন্দা কওমি পরিষদের

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ের নিন্দা কওমি পরিষদের

স্টাফ রিপোর্টার: ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে কথিত সমকামী বিয়ের আয়োজনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমি পরিষদ বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি এবং গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় ঐতিহ্যে ঐতিহ্যবাহী পরিবারব্যবস্থা ও নৈতিকতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রচলিত আইনে সমকামিতা একটি দণ্ডনীয় অপরাধ। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে সমকামী বিয়ের আয়োজন আইনের প্রতি চরম অবজ্ঞা এবং সমাজে নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত ছাড়া কিছুই নয়।

তিনি আরও বলেন, ইসলামসহ দেশের প্রধান কোনো ধর্মই সমকামিতাকে সমর্থন করে না। ফলে যেকোনো ধর্মীয় উপাসনালয় বা পবিত্র স্থানকে কেন্দ্র করে এ জাতীয় বিতর্কিত কর্মসূচি পালন কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে।

মুফতি ইমরানুল বারী সিরাজী আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কীভাবে এ ধরনের ঘটনা ঘটেছিল এবং এর নেপথ্যে কারা ছিল তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে। একই সঙ্গে সমাজে বিকৃত সংস্কৃতি ছড়ানোর অপচেষ্টা রুখতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

বিবৃতির শেষে তিনি দেশবাসীকে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় সচেতন থাকার এবং আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন