ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩
অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় অপরাধ দমন, মাদকের বিস্তার রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে—
মিরপুর বিভাগ: ১৩৫ জন
উত্তরা বিভাগ: ৫৩ জন
গুলশান বিভাগ: ৫১ জন
ওয়ারী বিভাগ: ৪৮ জন
তেজগাঁও বিভাগ: ৪৮ জন
মতিঝিল বিভাগ: ৩৪ জন
রমনা বিভাগ: ৩৩ জন
লালবাগ বিভাগ: ২১ জন
গোয়েন্দা বিভাগ (ডিবি): ৮ জন।
অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ ভ্যান, ১টি বাস, ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও অভিযান চালিয়ে ১ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এডিসি নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
|