ছুটি শেষে ট্রাকের ঢল, ৩ মহাসড়কে অচলাবস্থায় ভোগান্তি চরমে

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
ছুটি শেষে ট্রাকের ঢল, ৩ মহাসড়কে অচলাবস্থায় ভোগান্তি চরমে

নির্বাচনী ছুটির পর একযোগে নেমে পড়া পণ্যবাহী যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এই তিনটি গুরুত্বপূর্ণ সড়কে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

পরিস্থিতি আরো জটিল করেছে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে চলমান সড়ক সম্প্রসারণ কাজ। এতে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে যাওয়ায় যানজট আরো তীব্র হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান জানান, নির্বাচনের কারণে বেশ কয়েকদিন পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ ছিল। ছুটি শেষ হতেই সব গাড়ি একসঙ্গে রাস্তায় নামায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মদনপুরের পরের সড়কগুলো এখনো স্বাভাবিক আছে।

তিনি আরো বলেন, ‘যানজটের পেছনে আরেকটি কারণ হলো রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের পণ্য পরিবহনের চাপ হঠাৎ বেড়ে যাওয়া। যদিও যাত্রীবাহী বাসের চাপ তুলনামূলক কম, তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা অনেক বেশি।’

হানিফ পরিবহনের বাসচালক মো. মনির বলেন, ‘সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে এবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ ভোগান্তি সৃষ্টি হয়।’

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ইনচার্জ) বিষ্ণু চন্দ্র বলেন, ‘যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত, মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়েতে সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এর কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।’

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত গাড়ির চাপ এবং ধীরগতি ও গাড়ি বিকল হওয়াসহ একাধিক কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে আমরা মহাসড়কে যানজট নিরসনে সবাই কাজ করছি।