নিজস্ব প্রতিবেদক: হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৫ শিশু।
অধিদফতর জানায়, মৃত ৯ জনের মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি ৬ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে এই রোগে মোট ৩৫২ শিশুর মৃত্যু হলো, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬১ জনের।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮০ জন। বর্তমানে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৮৯ এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৬৫৬ জন।