জুমার প্রথম ১০০ মুসল্লি পেলেন গাছ উপহার

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
জুমার প্রথম ১০০ মুসল্লি পেলেন গাছ উপহার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ‘আস-সালাম ফাউন্ডেশন’। সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজে সবার আগে আসা প্রথম ১০০ জন মুসল্লির মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে উৎসবমুখর পরিবেশে এই চারাগুলো তুলে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিরা মসজিদে প্রবেশের সময় একটি বিশেষ বাক্স থেকে লটারির মতো করে একটি করে গোপন টোকেন সংগ্রহ করেন। সেই টোকেনের নম্বরের ভিত্তিতেই প্রত্যেকের জন্য নির্ধারিত গাছের জাত বা প্রজাতি নির্বাচন করা হয়। পরবর্তীতে নামাজ শেষ হওয়া মাত্রই মুসল্লিরা নিজ নিজ টোকেন জমা দিয়ে ফলজ, বনজ ও ওষুধি গুণের চারাগুলো বুঝে নেন। শুধু তাই নয়, যারা এই চারাগুলো যত্ন সহকারে বড় করে তুলবেন, পরবর্তীতে যাচাই-বাছাই করে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

গাছ বিতরণ অনুষ্ঠানে আস-সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কাজী এমরানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি কাজী নাসিমের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আরমান হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য কাজী সাকির, ডা. রবিন, অয়ন ভুঁইয়া, ইমরান খান, স্বেচ্ছাসেবক পরিষদের সদস্য কাজী সাকিব, কাজী জিসানসহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলেরা।

মসজিদের নিয়মিত মুসল্লি কাজী আবদুর রাজ্জাক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “নামাজ পড়তে এসে আল্লাহর রহমতের পাশাপাশি পরিবেশ রক্ষার এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আস-সালাম ফাউন্ডেশন নিয়মিতভাবে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

আস-সালাম ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার মুঠোফোনে সকালবেলা-কে জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জলবায়ু পরিবর্তনের ধাক্কা থেকে পরিবেশকে রক্ষা করতে ‘কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতাল’-এর অর্থায়নে এই চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঢাল হিসেবে কাজ করে। তাই বিত্তবানদেরও এমন উদ্যোগে এগিয়ে আসা উচিত।

সংগঠনটি জানিয়েছে, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে আরও হাজার হাজার গাছের চারা বিনামূল্যে রোপণ ও বিতরণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন