‘নগদ’-এর মালিকানায় চোখ ব্যারিস্টার আরমানের

‘নগদ’-এর মালিকানায় চোখ ব্যারিস্টার আরমানের

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এ বিনিয়োগ করতে চাইছেন ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। এই লক্ষ্যে তিনি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রতিষ্ঠানটির ফরেনসিক অডিট করার আবেদন জানিয়েছেন এবং এ বিষয়ে একটি বৈঠকও করেছেন।

ব্যারিস্টার আরমান জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। তিনি দীর্ঘ আট বছর ‘আয়নাঘর’-এ বন্দি থাকার পর জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পান। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনী হলফনামায় তিনি নিজের সম্পদের পরিমাণ ২ কোটি টাকা উল্লেখ করেছিলেন।

গভর্নরকে দেওয়া চিঠিতে ব্যারিস্টার আরমান জানান, তার পরিচিত বিদেশি বিনিয়োগকারীরা নগদে বিনিয়োগে আগ্রহী। তিনি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্স পেতেও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চেয়েছেন। 

চিঠিতে তিনি উল্লেখ করেন, বিগত সরকারের অব্যবস্থাপনার কারণে নগদ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে এটি নতুন মালিকানায় হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থে তিনি প্রতিষ্ঠানটির আর্থিক ও পরিচালনগত অবস্থা বুঝতে একটি পূর্ণাঙ্গ ফরেনসিক অডিটের অনুমতি চেয়েছেন।

তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, মালিকানা হস্তান্তরের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হয়নি। নিয়ম অনুযায়ী, টেন্ডার ছাড়া কোনো ব্যক্তিবিশেষের কাছে মালিকানা হস্তান্তরের সুযোগ নেই। 

এছাড়া আর্থিক খাত বিশেষজ্ঞরা মনে করছেন, ২ কোটি টাকার সম্পদধারী একজনের পক্ষে হাজার কোটি টাকার প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রস্তাব ও উৎসের বিষয়টি আইনি ও নীতিগত প্রশ্নের জন্ম দিতে পারে। বর্তমানে নগদের মালিকানা এখনো 'নগদ লিমিটেড'-এর নামেই রয়েছে, যা হস্তান্তরের আগে আইনি প্রক্রিয়ায় সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হওয়া প্রয়োজন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন