যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান পোপের

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান পোপের

আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে এই সংঘাতে ইরানের অসংখ্য নিরীহ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বলেও জানান তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক উত্তপ্ত বাকবিতণ্ডার পর পোপ এ মন্তব্য করলেন। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনায় সরব ছিলেন পোপ, যার জবাবে ট্রাম্প সামাজিক মাধ্যমে দীর্ঘ আক্রমণাত্মক পোস্ট দেন। তথ্যসূত্র: বিবিসি।

আফ্রিকার চারটি দেশ সফর শেষে রোমে ফেরার পথে এক ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপ বলেন, ‘আমি শান্তির জন্য সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানাই। সব পক্ষকে যুদ্ধের হুমকি দূর করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘একজন ধর্মগুরু হিসেবে আমি কখনোই যুদ্ধের পক্ষে থাকতে পারি না। আমি সবাইকে শান্তির সংস্কৃতি থেকে সমাধান খুঁজে বের করার আহ্বান জানাই—যেখানে ঘৃণা ও বিভাজনের স্থান নেই।’

পোপ জানান, তিনি সবসময় নিজের সঙ্গে লেবাননের এক মুসলিম শিশুর ছবি রাখেন, যে তার সফরের সময় ‘ওয়েলকাম পোপ লিও’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই যুদ্ধে সম্প্রতি সেই শিশুটি নিহত হয়েছে।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন