ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন প্রতিবেদক: অভিনয় জগত থেকে দূরে থেকে গত কয়েক বছর ধরেই ধর্মীয় জীবন যাপনে মনোনিবেশ করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। এবার জীবনের বড় এক ইচ্ছা পূরণে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
চম্পা জানান, তাঁর দুই বড় বোন ববিতা ও সুচন্দা আগেই হজ পালন করেছেন। এবার তাঁর সুযোগ এসেছে। তিনি বলেন, "ববিতা আপা ও সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি, এবার আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন, তবে এই বছরই হজ সম্পন্ন করব। আমার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন, এমনকি আমার ভাইকেও সাথে নিয়ে যাব।"
চম্পার ক্যারিয়ারের একঝলক: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা চম্পা পরবর্তীতে টেলিভিশন নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পান। ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই দুই বোন ববিতা ও সুচন্দার সাথে পাল্লা দিয়ে অভিনয় করে নজর কাড়েন তিনি। এরপর বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে। বর্তমানে তিনি পর্দার সামনে খুব একটা না এলেও ভক্তদের মাঝে তাঁর আবেদন এখনো অমলিন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ