ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপে টিকিটের আকাশছোঁয়া দামের পর এবার আলোচনায় এসেছে পরিবহন খরচ। বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে যাতায়াত ভাড়ায় দেখা গেছে চরম বৈপরীত্য। যেখানে নিউ জার্সিতে যাতায়াতে দর্শকদের পকেট কাটতে হচ্ছে বিশাল অংকের টাকা, সেখানে ফিলাডেলফিয়া ও কানসাস সিটি দিচ্ছে আকর্ষণীয় সব ছাড়।
নিউ জার্সির ব্যয়বহুল ট্রেন যাত্রা: নিউ জার্সির স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে, সেন্ট্রাল নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য ট্রেন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার। আকাশছোঁয়া এই ভাড়া শুনে ভক্ত-সমর্থকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
ফিলাডেলফিয়ার চমক: নিউ জার্সির ঠিক উল্টো চিত্র ফিলাডেলফিয়ায়। বিশ্বকাপ স্পন্সর এয়ারবিএনবি-এর সঙ্গে অংশীদারিত্বের সুবাদে ফিলাডেলফিয়া কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ম্যাচের পর দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন ভ্রমণ করতে পারবেন।
সুবিধা: ‘বি’ (ব্রড স্ট্রিট লাইন) ট্রেন নেটওয়ার্কের এনআরজি স্টেশন থেকে এই সুবিধা পাওয়া যাবে।
সময়সীমা: ম্যাচের হাফটাইম থেকে শুরু করে খেলা শেষ হওয়ার পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত এই ফ্রি সেবা চলবে।
যাওয়ার খরচ: স্টেডিয়ামে যাওয়ার সময় দর্শকদের খরচ হবে মাত্র ২.৯০ ডলার। ফিলাডেলফিয়াতে ব্রাজিল ও ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচ এবং ৪ জুলাই একটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে।
কানসাস সিটি ও ডালাসের উদ্যোগ: অন্যান্য আয়োজক শহরগুলোও দর্শকদের জন্য সাশ্রয়ী যাতায়াতের ঘোষণা দিয়েছে:
কানসাস সিটি: বিমানবন্দর থেকে সিটি সেন্টারের ফ্যান ফেস্টিভ্যাল পর্যন্ত দর্শকরা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়া স্টেডিয়ামে যাওয়ার জন্য স্পেশাল রাইড পরিষেবা পাওয়া যাবে মাত্র ১৫ ডলারে।
ডালাস: ডালাসের উপশহর থেকে সেন্টারপোর্ট স্টেশন পর্যন্ত রাউন্ড ট্রিপে খরচ হবে মাত্র ৬ ডলার। বাকি পথটুকু দর্শকরা বিনামূল্যে বাসে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া ফোর্ট ওর্থ থেকে ফেরার ভাড়া ধরা হয়েছে মাত্র ৪ ডলার।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো জানিয়েছেন, ভক্তরা যেন নিরাপদে এবং সাশ্রয়ীভাবে ঘরে ফিরতে পারেন, তা নিশ্চিত করতেই ফিলাডেলফিয়া এই বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে। বিভিন্ন শহরের এই ভিন্নধর্মী উদ্যোগ ফুটবল ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ