দ্রুততম গোলের রেকর্ড ও টাইব্রেকার রোমাঞ্চে কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

দ্রুততম গোলের রেকর্ড ও টাইব্রেকার রোমাঞ্চে কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

 স্পেনের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট কোপা দেল রের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার লা কার্তুজায় শনিবার রাতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে গোলকিপার উনাই মারেনোর দুর্দান্ত দৃঢ়তায় ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে চতুর্থবারের মতো এই ট্রফি নিজেদের করে নেয় সোসিয়েদাদ। এর আগে ১৯০৯, ১৯৮৭ ও ২০২০ সালে তারা এই শিরোপা জিতেছিল। শিরোপানির্ধারণী এই ম্যাচে কোপা দেল রের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ডও ভেঙে গেছে। খেলা শুরুর মাত্র ১৪ সেকেন্ডের মাথায় সোসিয়েদাদের ফরোয়ার্ড আন্দের ব্যারেনেশিয়া গোল করে ৭৪ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নেন। এর আগে ১৯৫২ সালের ফাইনালে ভ্যালেন্সিয়ার ম্যানুয়েল বাদেনেস ১৭ সেকেন্ডে গোল করেছিলেন।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে সোসিয়েদাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিকেল ওরিজাবাল। অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদের পক্ষে ১৮ মিনিটে আদেমোলা লুকমান এবং ৮৩ মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করলে লড়াইয়ে সমতা ফেরে। টাইব্রেকারে আতলেতিকোর আলেক্সান্ডার সরলথ ও হুলিয়ান আলভারেজের নেওয়া প্রথম দুটি শটই রুখে দিয়ে সোসিয়েদাদের শিরোপা জয় নিশ্চিত করেন মারেনো। কাকতালীয়ভাবে, ১৯৮৭ সালের ফাইনালেও আতলেতিকোকে টাইব্রেকারে হারিয়েই শিরোপা জিতেছিল সোসিয়েদাদ। এই জয়ের মাধ্যমে রিয়াল বেতিসের পর দ্বিতীয় দল হিসেবে দুইবার টাইব্রেকারে কোপা দেল রে জয়ের কীর্তি গড়ল তারা। হার প্রসঙ্গে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে হতাশা প্রকাশ করে বলেন, সমর্থকেরা সান্ত্বনার বার্তা চায় না, তারা ট্রফি চায়। ১৯০৩ সালে শুরু হওয়া স্পেনের ঐতিহাসিক এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন ইতিহাস লিখল সোসিয়েদাদ।

জন্নাত/সকালবেলা

মন্তব্য করুন