ইরানের সঙ্গে চুক্তির আগ্রহ থাকলেও শর্ত মানা সম্ভব নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির আগ্রহ থাকলেও শর্ত মানা সম্ভব নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান সরকার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তাঁর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, তেহরানের প্রস্তাবিত শর্তগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে ‘যথেষ্ট ভালো’ বা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তির মূল ভিত্তি হতে হবে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণ বর্জন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বর্তমান অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আমি জানি না তিনি আদৌ জীবিত আছেন কি না। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁকে কেউ দেখেনি বা কথা বলতে শোনেনি।’ ট্রাম্প আরও উল্লেখ করেন, সম্প্রতি মোজতবার নামে যে বিবৃতি প্রচার করা হয়েছে, সেটি তিনি নিজে পাঠ করেননি।

সামরিক ফ্রন্টের বিষয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন প্রায় পুরোপুরি স্তব্ধ করে দিয়েছি এবং আগামী দুই দিনের মধ্যে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।’ হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র অচল করে দিয়েছে জানিয়ে তিনি সতর্ক করেন যে, ইরান মাইন ব্যবহারের চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন