জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিল সরকার

জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিল সরকার

গণপরিবহনের জন্য জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিয়েছে সরকার। জ্বালানি সংকটের মধ্যে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না।’

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে এ কথা জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকেই থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো।’

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর ফলে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ওই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রোল বা অকটেন এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়ার সীমা ছিল। এছাড়া এসইউভি ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাস ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারছিল। বর্তমানে গণপরিবহনের ক্ষেত্রে সরকারের এই নির্দেশনা পরিবর্তন করা হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা এখনো আসেনি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন