ইসরায়েলের পাশ থেকে কি সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
ইসরায়েলের পাশ থেকে কি সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা ও নিরঙ্কুশ সমর্থনে ক্রমেই ভাটা পড়তে শুরু করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কঠোর নীতি, গাজায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার প্রভাব ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের কূটনৈতিক সম্পর্কে স্পষ্ট দূরত্ব তৈরি করছে। এমনকি মার্কিন নীতিনির্ধারক ও রাজনীতিকদের পাশাপাশি সাধারণ মার্কিন জনগণের মধ্যেও দিন দিন ইসরায়েলবিরোধী মনোভাব জোরালো হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর বিদায়ের মধ্য দিয়ে চলমান এই টানাপোড়েনের কিছুটা অবসান হতে পারে। তবে দেশটিতে সরকার পরিবর্তন হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে যে গভীর ফাটল ও অবনতি ঘটেছে, তা পুরোপুরি কাটিয়ে ওঠা বেশ কঠিন হবে।

দুই দেশের সম্পর্কের এই পরিবর্তনশীল অবস্থার সবচেয়ে বড় ইঙ্গিত মিলেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন। ওই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা পর্যায়ক্রমে বন্ধ করে দেবে ওয়াশিংটন। কয়েক দশক ধরে চলে আসা এই বিশাল সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ইতিহাসে একটি বড় বাঁকবদল হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের গাজা অভিযান, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে অব্যাহত দখলদারত্ব, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা যুক্তরাষ্ট্রের উদারপন্থী রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী রক্ষণশীল রিপাবলিকানদের একটি বড় অংশও দেশের অর্থনীতির স্বার্থে বিদেশে বিপুল পরিমাণ অর্থ সামরিক সহায়তা হিসেবে ব্যয়ের ঘোর বিরোধিতা করছে। এর পাশাপাশি ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া এবং এর ফলে তৈরি হওয়া বিপুল সামরিক ব্যয় ও অর্থনৈতিক চাপও ওয়াশিংটন-তেল আবিব সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে।

আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েল তার প্রধান সমরাস্ত্রের প্রায় ৭০ শতাংশ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে থাকে। শুধু অস্ত্রই নয়, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে কূটনৈতিক সুরক্ষা ও সমর্থনের ক্ষেত্রেও দেশটি পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভরশীল। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় ইসরায়েলের নির্ভরশীলতাই অনেক বেশি।

তবে বিশ্লেষকদের ধারণা, চলমান টানাপোড়েন সত্ত্বেও দুই দেশের ঐতিহাসিক কৌশলগত সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ার কোনো আশঙ্কা আপাতত নেই। কিন্তু পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় ভবিষ্যতে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন যে আর নিঃশর্ত থাকবে না, বরং তা আরও শর্তসাপেক্ষ হয়ে উঠবে—তা অনেকটাই স্পষ্ট। (সূত্র: আল-জাজিরা)