ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু: বিমানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে এর লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে ময়মনসিংহে একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য প্রচুর জমির প্রয়োজন হয়, যার পরিমাণ প্রায় দুই হাজার একর। সাধারণ নিয়ম অনুযায়ী সাধারণত ঢাকা থেকে এক শ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দরের প্রয়োজন না থাকলেও, ময়মনসিংহের ত্রিশালের দূরত্ব ঢাকা থেকে ১২১ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সমীক্ষায় যদি ভূপ্রকৃতি, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় অনুকূলে থাকে, তবে সরকার এই মেগা প্রকল্প বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে এগিয়ে যেতে পারবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সময়ে দেশের কিছু জায়গায় ঘটা সহিংসতার বিভিন্ন ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে অতিরঞ্জিত ও বিকৃত আকারে প্রচার করা হচ্ছে। গণ-অভュথানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তি দেশজুড়ে আবারও অস্থিরতা সৃষ্টির নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ সচেতন রয়েছে এবং ফ্যাসিবাদী শক্তির এ দেশে ফিরে আসার বা মাথাচাড়া দেওয়ার আর কোনো সুযোগ নেই।

এর আগে ময়মনসিংহ টাউন হলে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়া তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—এই বিষয়ের ওপর আয়োজিত ওই বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল হিসেবে অংশ নিয়ে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে পক্ষে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, মাহবুবুর রহমান লিটন, লুৎফুল্লাহেল মাজেদ, সিটি মেয়র রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।