‘আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব’, মাকে বললেন আরহান

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
‘আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব’, মাকে বললেন আরহান

অনলাইন ডেস্ক: মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও আবেগ যে কতটা গভীর হতে পারে, তা আরও একবার প্রমাণ করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ছেলে আরহান খান। জন্মদিনে মায়ের দেওয়া ভালোবাসামাখা শুভেচ্ছার জবাবে আরহানের একটি দারুণ মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।” ছেলের এমন আবেগঘন ও ব্যতিক্রমী প্রকাশে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

গত ৯ নভেম্বর ছিল আরহান খানের ২৪তম জন্মদিন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলের শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মালাইকা। সেই ছবির অ্যালবামে ছিল ছোটবেলার মিষ্টি স্মৃতি, সাম্প্রতিক ছবি, জন্মদিনের কেক এবং মা-ছেলের চমৎকার একটি সেলফি।

ছবির সঙ্গে ছেলের জন্য একটি সুন্দর বার্তাও দেন মালাইকা। তিনি লেখেন, “এমন কোনো পাহাড় নেই, যা পেরিয়ে যেতে পারব না। শুভ জন্মদিন, আমার ছোট্ট ছেলে। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।” মায়ের সেই আবেগপূর্ণ পোস্টের কমেন্টবক্সে আরহান লেখেন, “মা, আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।” মা-ছেলের এই গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

শুধু মা নন, ছেলের জন্মদিনে ভালোবাসা জানাতে ভোলেননি বাবা আরবাজ খানও। আরহানকে গালে চুমু খাওয়ার একটি সুন্দর ছবি প্রকাশ করে তিনি জানান, গত ২৪ বছর ধরে ছেলেকে ভালোবেসে আসছেন এবং তাকে নিয়ে তিনি ভীষণ গর্বিত। জীবনের প্রতিটি পদক্ষেপে ছেলের পাশে থাকার আশ্বাস দিয়ে আরহানকে বড় স্বপ্ন দেখতে, বিনয়ী থাকতে এবং নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন আরবাজ।

এছাড়াও আরহানের বিশেষ দিনে বলিউডের অনেক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে ফারাহ খান, সোফি চৌধুরী, ভাবনা পান্ডে, অমৃতা অরোরা, সীমা সাজদেহ, চাঙ্কি পান্ডে ও ডিনো মোরিয়ার মতো তারকারা রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালাইকা অরোরা। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও সন্তান লালন-পালনের ক্ষেত্রে কোনো ঘাটতি রাখেননি তারা। আলাদা থাকলেও বর্তমানে যৌথভাবে আরহানের দেখভাল করছেন এই তারকা দম্পতি।