ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল রিজভী

প্রকাশ: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন: রুহুল রিজভী

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন টিকে থাকার জন্য বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, আদালত ও আইন তার নিজস্ব গতিতেই চলবে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার আবেদন করার ঘটনাকে অত্যন্ত ‘লজ্জাহীন’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নানা মাধ্যমে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন এবং একই সঙ্গে পাসপোর্ট পাওয়ার পাশাপাশি বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। একজন মানুষের ন্যূনতম লজ্জা না থাকলেই কেবল এমন কাজ করা সম্ভব।

তিনি আরও প্রশ্ন রেখে বলেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করার পরও শেখ হাসিনা কীভাবে আবার দেশে ফিরে এসে জনসংবর্ধনা পাওয়ার আশা করতে পারেন? জুলাই গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধসহ তরুণদের এই আত্মত্যাগ এদেশের মানুষ কখনোই ভুলবে না। সে সময় ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল, যার ফলে অসংখ্য শিশু ও তরুণ প্রাণ হারিয়েছিল।

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে। স্বাধীনতা-পরবর্তী ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় বিরোধী দলের কণ্ঠরোধ করতে এবং সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষকে ভয়ের মধ্যে রাখতে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল।

সকালবেলা / নুসরাত