গাজায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হাজারো তাঁবু: চরম দুর্ভোগে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
অনলাইন ডেস্ক: শীতের আগমনের সঙ্গে সঙ্গেই গাজা উপত্যকায় শুরু হওয়া ভারী বৃষ্টি ফিলিস্তিনের বাস্তুচ্যুত মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাজার হাজার তাঁবু। আকস্মিক এই জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে তাঁবুতে থাকা বিছানা, কম্বল, কার্পেট এবং সামান্য জমিয়ে রাখা খাদ্যপণ্য। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও ত্রাণের অভাবে তীব্র শীত ও ঝোড়ো হাওয়ার মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার রাত থেকে গাজায় মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পর অন্তত ৭০ হাজার তাঁবু পানির নিচে তলিয়ে গেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, আরও কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ এমন সব নিচু এলাকায় অবস্থান করছেন, যেগুলো বন্যা ও জলাবদ্ধতার চরম ঝুঁকিতে রয়েছে।
মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে একটি অস্থায়ী তাঁবুতে বসবাসকারী ৭০ বছর বয়সী জাবের আল-কাসিহ জানান, শনিবার রাতে হঠাৎ বৃষ্টির পানি তাঁবুতে ঢুকে পড়ায় তাদের পুরো পরিবার রাতভর জেগে থাকতে বাধ্য হয়। পানিতে বিছানাপত্র ও শুকনো খাবার ভিজে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, গত শীতেও তাদের তাঁবু কয়েকবার পানিতে ডুবেছিল, তবে এবারের পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ। অধিকাংশ তাঁবু ছিঁড়ে গেছে এবং চারপাশ কাদায় একাকার হয়ে আছে।
উদ্ধার হওয়া আরেক বাস্তুচ্যুত নারী ওম হানি হামুদা জানান, বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে তারা এখানে আশ্রয় নিলেও বর্তমান তাঁবুগুলো শীত, ঝড় বা বৃষ্টি থেকে কোনো ধরনের সুরক্ষা দিতে পারছে না। তার সন্তানরা ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। ৫১ বছর বয়সী আরেক ভুক্তভোগী জিহাদ দাওয়াস জানান, তাঁবুতে পানি ঢুকে পড়ায় তার সাত সন্তান ও ভাইয়ের এতিম তিন সন্তানকে শুকনো জায়গায় ঘুমানোর কোনো ব্যবস্থা করতে পারেননি তিনি। ঝোড়ো হাওয়ায় আশপাশের অনেক তাঁবুও উড়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার দীর্ঘদিন পার হলেও গাজায় প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী ও মোবাইল বাড়ি প্রবেশে কঠোর বাধা দিচ্ছে ইসরায়েল। গাজায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু এবং ৫ লাখ ৬১ হাজার ত্রিপলের জরুরি প্রয়োজন থাকলেও মজুত তার তুলনায় অত্যন্ত নগণ্য। ৬০ হাজার অস্থায়ী মোবাইল বাড়ির একটি বড় অংশ দুই বছরেরও বেশি সময় ধরে মিসর সীমান্তের পাশে আটকে রয়েছে।
ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদু আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি বিধিনিষেধের কারণে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ ক্ষতিগ্রস্ত ও পুরোনো তাঁবুতেই আরেকটি ঝুঁকিপূর্ণ শীত পার করতে বাধ্য হচ্ছেন। গাজার প্রায় ৮৫ শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ নিজ বাড়িতেও ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা দখলদার বাহিনীর আইনি দায়িত্ব হলেও তা মানা হচ্ছে না।
সকালবেলা / অনলাইন ডেস্ক