শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি আম পাঠালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক ঃ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌজন্য ও শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই আমের চালানটি ভারতের মাটিতে থাকা বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বেনাপোল সীমান্ত পার করে ওপারে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে এই আমের কার্টনগুলো বুঝিয়ে দেওয়া হয়। শুভেচ্ছা উপহার হিসেবে ওপার বাংলায় পাঠানো এই চালানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত ‘আম্রপালি’ ও ‘হাঁড়িভাঙ্গা’ জাতের সুস্বাদু আম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ঠিকানায় মোট ১০০টি কার্টনে ৫ কেজি করে এই ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

এসবের মধ্য থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক হিসেবে বণ্টন করে দেওয়া হবে বলে একটি গণমাধ্যমকে জানানো হয়েছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই বাংলাদেশের পক্ষ থেকে এমন উপহার পাঠানো হয়ে থাকে।

মন্তব্য করুন