ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে ইতিহাস গড়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। শুক্রবার তার প্রতিষ্ঠিত রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিটির শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। এর ফলে তার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্লুমবার্গের ধনকুবেরদের তালিকা অনুযায়ী, এর মাধ্যমে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান আরও শক্ত করলেন টেসলা ও স্পেসএক্সের এই প্রতিষ্ঠাতা।

শুক্রবার মার্কিন শেয়ারবাজার নাসডাকে রকেট, টেলিযোগাযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠান স্পেসএক্সের আনুষ্ঠানিক অভিষেক হয়। বাজারে আসার পরই কোম্পানিটির মোট মূল্যায়ন দাঁড়ায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে। প্রতিটি শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৩৫ ডলার নির্ধারণ করা হলেও লেনদেন শুরু হয় ১৫০ ডলারে এবং একপর্যায়ে তা ১৭৬ দশমিক ৫০ ডলারে পৌঁছে যায়। শেষ পর্যন্ত শুক্রবার প্রতিটি শেয়ারের দর প্রায় ১৬১ ডলারে এসে বন্ধ হয়। উন্মুক্ত বাজারে আসার আগেই প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল স্পেসএক্স।

স্পেসএক্সে ইলন মাস্কের ৪২ শতাংশ মালিকানা রয়েছে, যা তাকে প্রতিষ্ঠানটির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ দেয়। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, লেনদেন শেষে স্পেসএক্সে মাস্কের শেয়ারের মূল্য ছিল ৭৬৭ দশমিক ১ বিলিয়ন ডলার এবং স্পেসএক্স অপশনে তার আরও ৫৩ দশমিক ৮ বিলিয়ন ডলার রয়েছে। এছাড়া টেসলায় তার ১৬৮ বিলিয়ন ডলারের শেয়ার এবং আরও ১১৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের টেসলা অপশন রয়েছে। মাস্কের ট্রিলিয়নেয়ার হওয়ার খবর প্রকাশের পরপরই বিশ্বজুড়ে সম্পদ বৈষম্য নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, কারণ তার বর্তমান সম্পদের পরিমাণ পোল্যান্ড বা সুইজারল্যান্ডের পুরো অর্থনৈতিক উৎপাদনের সমপর্যায়ের।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন