হরমুজ প্রণালিতে ফের সামরিক উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান একাধিক একমুখী ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে সব ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কয়েক ঘণ্টাব্যাপী ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন উড্ডয়ন করা হয়। এসব ড্রোন হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করেছিল। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিয়ে ড্রোনগুলো ধ্বংস করা হয় বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এই ঘটনার পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো উন্মুক্ত আছে এবং সামুদ্রিক পরিবহনে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা কমার লক্ষণ দেখা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই জলপথ ব্যবহার করে। ফলে এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
এর আগে গত এক সপ্তাহেও একাধিকবার ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া ড্রোন হামলার জবাবে ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর কথাও জানিয়েছিল মার্কিন বাহিনী।
তবে সর্বশেষ ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
|