এবছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ
এবছর হজে গিয়ে ৫০ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: এবছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। অন্যদিকে, হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। 

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৩৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৬৬৫টি সেবা দেওয়া হয়েছে। এ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১০ জন বাংলাদেশি হাজি, যার মধ্যে বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। গত ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় এবং আগামী ৩০ জুন শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে।

মন্তব্য করুন