বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য এবং কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দেশব্যাপী খালখনন কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদরের পিএমখালীতে ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে বলেছিলাম, কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দেওয়া হবে কৃষক কার্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষই গ্রামে-গঞ্জে খেটে খাওয়া মানুষ। দেশের জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে স্বাবলম্বী না করতে পারলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সে জন্যই নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বর্তমান সরকার ফ্রি করার ঘোষণা দিয়েছে এবং মেধার ভিত্তিতে উপবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
এর আগে সকাল ১০টায় দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে সপরিবারে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
|