ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার
স্পোর্টস ডেস্ক: ‘আফ্রিকান ব্রাজিল’ তকমা পাওয়া মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। চোটের কারণে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। আজ (শনিবার) দিবাগত রাত ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল, যেখানে নেইমারকে দর্শক সারিতেই কাটাতে হবে।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মূলত পায়ের কাফের পেশি ছিঁড়ে যাওয়ার চোট নিয়ে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হয়েছিলেন। তা থেকে সেরে উঠতে নিয়মিত কাজ করলেও এখনো পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তিনি। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’ তবে প্রথম ম্যাচে খেলতে না পারলেও নেইমারকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা করে কোচ জানান, শুধু ফুটবল প্রতিভা নয়, তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে তার অভিজ্ঞতার কারণেই তাকে দলে নেওয়া হয়েছে।
জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পা রাখলেও নেইমার এখনো বুট পায়ে বল নিয়ে মাঠে নামেননি, রানিং শু পরে হালকা দৌড়াদৌড়ি ও ফিজিওথেরাপিতেই কাটছে তার সময়। প্রথম ম্যাচে সাইডবেঞ্চে বসে সতীর্থদের উৎসাহ দেওয়া ছাড়া মাঠের পারফরম্যান্সে এই সান্তোস ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল। কার্লো আনচেলত্তির বর্তমান স্কোয়াড নিয়ে ফুটবলভক্তদের নতুন আশা থাকলেও, নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপের শুরুটা ডাগআউটে বসেই দেখতে হচ্ছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ (৭৯ গোল) এই গোলদাতাকে।
|