মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
মেলান্দহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আল নাফি (৮) ও মোঃ রিফাত (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেল থেকে নিখোঁজ থাকার পর রাত ১১টার দিকে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উপজেলার চরবানীপাকুড়িয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকায়।

নিহত আল নাফি রায়ের বাকাই এলাকার আঃ রফিকের ছেলে এবং মোঃ রিফাত একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তারা দুজনেই ঝাউগড়া এলাকার একটি স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সমবয়সীদের সাথে রায়ের বাকাই এলাকার একটি মাঠে ফুটবল খেলে নাফি ও রিফাত। খেলা শেষে শরীর ধোয়ার জন্য তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাঁতার না জানা দুই শিশুই পুকুরের গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন প্রতিবেশীরা। পরে স্থানীয়রা দ্রুত তাদের পানি থেকে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ফুটবল খেলা শেষে গোসলে নেমে পানিতে ডুবে দুইটি শিশুর অকাল মৃত্যু হয়েছে। এই অবুঝ দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন