মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে জরিমানা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন মেয়াদের ভুয়া সিল মেরে কৃষকদের সাথে প্রতারণার দায়ে মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি বীজ ও সারের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সাথে প্রতিষ্ঠানটি আগামী ৭ দিনের জন্য সিলগালা করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাগুরা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
ভোক্তা অধিকার দফতর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের সাথে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিনোদপুর বাজারের বীজ, কীটনাশক ও সারের দোকান মেসার্স সাহা ট্রেডার্সে অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ রাসায়নিক দিয়ে মুছে ফেলে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের জাল সিল মেরে তা সাধারণ কৃষকদের কাছে চড়া দামে বিক্রি করছিল। শুধু তাই নয়, ২৩০ টাকা মূল্যের কীটনাশকের গায়ের আসল দাম পরিবর্তন করে কৌশলে ২৮০ টাকা লিখে বিক্রি করা হচ্ছিল। এছাড়া বিভিন্ন অননুমোদিত ও নিম্নমানের কোম্পানির ধানের বীজ ও কীটনাশক এনে তারা নিজেরা সিল মেরে বাজারজাত করে আসছিল।
কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় এবং এমন জঘন্য প্রতারণামূলক অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে দোকানটি আগামী ৭ দিনের জন্য বন্ধ রাখার (সিলগালা) নির্দেশ দেন বাজার মনিটরিং টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাগুরা জেলা অফিসের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযান চলাকালে স্থানীয় একাধিক ভুক্তভোগী কৃষক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বীজ ও সার কিনে প্রতারিত হওয়ার জবানবন্দি দেন। মাগুরার মতো কৃষিপ্রধান এই অঞ্চলে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এমন অপচেষ্টা ও প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এবং ভোক্তাদের আইনি অধিকার রক্ষায় আমাদের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা
|