শুভর বৈচিত্র্যময় দুই দশক, বললেন ‘নিজেকে প্রমাণের কিছু নেই’

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ণ
শুভর বৈচিত্র্যময় দুই দশক, বললেন ‘নিজেকে প্রমাণের কিছু নেই’

আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মাঝে কিছুটা বিরতির পর আবারও রুপালি পর্দায় হাজির হয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেতা আরিফিন শুভ। গেল ঈদুল আজহায় তাঁর অভিনীত ‘মালিক’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির মুক্তির পর থেকে হল পরিদর্শন, দর্শক প্রতিক্রিয়া জানা আর প্রচারণার কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক।

এরই ফাঁকে নিজের দীর্ঘ অভিনয়জীবন, অর্জন, সিনেমা নিয়ে উপলব্ধি ও বর্তমান অবস্থানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন শুভ। শোবিজ অঙ্গনে দীর্ঘ দুই দশকের পথচলার পর এখন আর নিজেকে নতুন করে প্রমাণ করার কোনো প্রয়োজন দেখেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

নিজের শুরুটা স্মরণ করে শুভ বলেন, “২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি—সব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।”

ক্যারিয়ারে কাজের বৈচিত্র্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো চমৎকার রোমান্টিক সিনেমা, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো দুর্দান্ত অ্যাকশনধর্মী ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ‘জ্যাজ সিটি’ সিরিজেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতা নিয়ে তাঁর মনে কোনো সংশয় নেই বলে দাবি করেন এই অভিনেতা।

কাজের বিষয়ে তাঁর সাফ ভাষ্য, “আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।”

উল্লেখ্য, এর আগে ‘মুজিব’ সিনেমাকে ঘিরে নানা আলোচনা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের পর আরিফিন শুভ এখন নিজেকে পুরোপুরি কাজের মধ্যেই ডুবিয়ে রেখেছেন। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে তাঁর অন্তর্ভুক্তি ও কাজ নিয়ে বিনোদন অঙ্গনে বেশ আলোড়ন তৈরি হয়।

মন্তব্য করুন